ছাদ বাগানে কোন কোন সবজি চাষ করা যায়?

আজকের পোস্টে আমরা ছাদ বাগানে কোন কোন সবজি চাষ করা যায় তা জানবো। বর্তমান সময়ে বাংলাদেশে জনসংখ্যা বাড়ার সাথে সাথে আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে।

শহরে আবাদি জমি খুঁজে পাওয়া তো প্রায় অসম্ভব একটি কাজ বর্তমানে। তাই এখন মানুষ নিজের বাড়ির ছাদ কে বাগান করার কাজে ব্যবহার করছে। আমরা যদি সঠিকভাবে ছাদ বাগান করতে পারি তাহলে জমির মতো বাসার ছাদেও সবজি চাষ করে সফলতা অর্জন করতে পারবো।

এই পোস্ট শেষ পর্যন্ত পড়লে আমরা জানতে পারবো ছাদ বাগানে কোন কোন সবজি চাষ করা যায়, ছাদ বাগানে চাষযোগ্য সেরা সবজিগুলো ও ছাদ বাগানের সাধারণ সমস্যা ও সমাধান।

এছাড়াও আরো গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন যেমন, ছাদ বাগান করতে টবের সাইজ কতো রাখতে হবে এবং ছাদ বাগানের জন্য মাটি তৈরির গোপন ফর্মুলা।

Table of Contents

ছাদ বাগানে কোন কোন সবজি চাষ করা যায়?

মানুষ ছাদ বাগান এখন শুধু সখের বসে করে থাকে তা কিন্তু নয় বর্তমান সময়ে বাণিজ্যিক ভাবেও ছাদ বাগান করে অনেকেই লাভবান হচ্ছেন।
শহর এলাকায় চাষযোগ্য জমি পাওয়া যায়না এদিকে আমাদের বাসার ছাদ ফাঁকা পড়েই থাকে এই সুযোগ কাজে লাগিয়ে ছাদ বাগানের জন্য মাটি তৈরি করে শীতকালীন ও বারোমাসি সবজি করা যায়।
ছাদ বাগানে কোন কোন সবজি চাষ করা যায় এবং কেনগুলো শীতকালীন ও কেনগুলো বারোমাসি তা নিচে দেয়া হলো।

ছাদ বাগানে শীতের সবজি

ছাদ বাগানে সবজির চাষ করতে হলে আগে ভালো করে জেনে নিতে হবে কোন সময়ে কেন সবজি লাগাতে হয় এবং ছাদ বাগানে সহজে চাষযোগ্য সবজি কেনগুলো। এই অংশে আমরা ছাদ বাগানে শীতের সবজি কোনগুলো তা জানবো।

ফুলকপি ও বাঁধাকপি

ছাদ বাগানে শীতের সবজি গুলোর মধ্যে অন্যতম উপযোগী সবজি হলো ফুলকপি ও বাঁধাকপি। সঠিক জাতের বীজ বা চারা সঠিক সময়ে রোপণ করে ভালোভাবে যত্ন নিলে এগুলোর সাইজ বাজারের থেকেও বড় করা সম্ভব আপনার ছাদেই।
  • উপযুক্ত পাত্রঃ আপনি যদি টবে ফুলকপি ও বাঁধাকপি চাষ করতে চান তাহলে ১০ ইঞ্চি টবে ১ টি করে চারা দিবেন আর যদি ক্যারেট ব্যবহার করেন তবে একটা বড় সাইজের ক্যারেটে ৩ থেকে ৪ টি চারা গাছ লাগাবেন।
  • সূর্যালোকঃ ছাদ বাগানে ফুলকপি চাষ করে সফল হতে হলে অবশ্যই ছাদের এমন অংশ বেছে নিবেন যেখানে সারাদিন রোদ পড়ে। ফুলকপি ও বাঁধাকপিতে কড়া রোদ প্রয়োজন হয়।
  • বোনাস টিপসঃ গাছ চারা অবস্থায় সঠিক পুষ্টি নিশ্চিত করতে গাছে খৈল পচা পানির মতো জৈব সার প্রয়োগ করলে গাছ অনেক ভালোভাবে বেড়ে উঠে।

ওলকপি ও সালগম

যারা অল্প সময়ের মধ্যে ছাদে সবজি ফলাতে চান তাদের জন্য সেরা হলো ওলকপি ও সালগম কারণ এই সবজিগুলো চারা রোপণের ৪৫ থেকে ৫০ দিন পরেই খাওয়ার উপযোগী হয়ে যায়।
  • উপযুক্ত পাত্রঃ ওলকপি ও সালগম চাষ করতে হলে আপনাকে ৮ থেকে ১০ ইঞ্চি টবে অথবা গ্রো ব্যাগে চারা রোপণ করতে হবে।
  • সূর্যালোকঃ ওলকপি ও সালগমের চাষ করে সফলতা অর্জন করতে হলে অবশ্যই দিনে ৫ থেকে ৬ ঘন্টা সূর্যের আলো যেনো পেতে পারে এমন জায়গা বেছে নিবেন।

লালশাক ও পালং শাক

ছাদ বাগানে প্লাস্টিকের ক্যারেটে শাকের বীজ রোপণ করে দিলে ৩০ দিনে লালশাক ও পালং শাক তুলে খাওয়ার উপযোগী হয়ে যায় তাই ছাদ বাগানে শাক চাষ করা অনেক সহজ।
  • উপযুক্ত পাত্রঃ ফলের দোকান থেকে প্লাস্টিকের ক্যারেট কিনে এনে নিচে পলিথিন বিছিয়ে পলিথিন ফুটো ফুটো করে নিতে হবে।
  • সূর্যালোকঃ ছাদের এমন অংশে শাক চাষ করতে হবে যেনো দিনে ৪-৫ ঘন্টা রোদ পায়।

বারোমাসি সবজি

ছাদ বাগানে চাষযোগ্য বেশকিছু লাভজনক বারোমাসি সবজি রয়েছে। নিচে সেগুলো দেয়া হলোঃ

কাঁচামরিচ

সবচেয়ে সহজ ও লাভজনক ছাদ বাগানে চাষযোগ্য সবজির মধ্যে অন্যতম হলো কাঁচামরিচ। আপনি যদি চারা রোপণ করার পরে মোটামুটি পরিচর্যা করতে পারেন তাহলে একটি গাছের মরিচ একটি পরিবারের জন্য যথেষ্ট হবে।
  • উপযুক্ত পাত্রঃ ১০ থেকে ১২ ইঞ্চি মাটি অথবা প্লাস্টিকের টবে চারা রোপণ করতে হবে।
  • সূর্যালোকঃ ছাদের এমন অংশে বাগানটি করবেন যাতে গাছ দিনে ৫ থেকে ৬ ঘন্টা সরাসরি সূর্যের আলো পায়।
  • বোনাস টিপসঃ কখনোই মরিচ গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমতে দিবেন না কারণ পানি জমে থাকলে গাছের ফুল পড়ে যায়।

টমেটো ও চেরি টমেটো

ছাদ বাগানে যদি ১২ মাসি সবজি চাষ করে ভালো ফলাফল পেতে চান তাহলে সবথেকে ভালো অপশন হলো হাইব্রিড জাতের টমেটো বা চেরি টমেটো চাষ করা।
  • উপযুক্ত পাত্রঃ টমেটো চাষ করার জন্য ১২ ইঞ্চি টব বা ফলের প্লাস্টিক ক্যারেট দরকার হয়।
  • সূর্যালোকঃ সারাদিনে ৬ থেকে ৭ ঘন্টা কড়া রোদ পায় এমন স্থান নির্বাচন করুন।
  • বোনাস টিপসঃ টমেটো যখন গাছে ধরবে তখন একটু ঝড় হলেও গাছের ডাল টমেটোর ভরে ভেঙে যেতে পারে তাই লাঠি দিয়ে ভর দিয়ে রাখুন ভালোভাবে।

পুূদিনা ও ধনেপাতা

যারা আমার মতো পরিশ্রম ছাড়া খুব দ্রুত ফসল ফলাতে চান তাদের জন্য ছাদ বাগানে পুদিনা ও ধনেপাতা চাষ করা সবথেকে ভালো হবে।
  • উপযুক্ত পাত্রঃ ৪ থেকে ৫ ইঞ্চি গভীরতা সম্পূর্ণ টব বা যেকোনো পাত্র যেমন বালতি জিও ব্যাগ হলেই পুদিনা ও ধনেপাতা চাষ করতে পারবেন।
  • সূর্যালোকঃ ছাদের যেই অংশে ৩ থেকে ৪ ঘন্টা হালকা রোদ থাকে সেই অংশটি পুদিনা ও ধনে চাষের জন্য নির্বাচন করতে হবে। বেশি রোদ পড়লেও সমস্যা হবেনা আপনি যেকোনো জায়গায় চাষ করতে পারেন।

বারোমাসি বেগুন

ছাদ বাগানে পার্পল গ্রিন বা থাই জাতের বারোমাসি বেগুন চাষ করা সবচেয়ে লাভজনক এবং একবার গাছ লাগালে বহুদিন ফসল পাওয়া যায়।
  • উপযুক্ত পাত্রঃ মাঝারি সাইজের ড্রাম বা প্লাস্টিকের বালতি অথবা জিও ব্যাগে অনায়াসে বেগুন চাষ করতে পারবেন।
  • রোদঃ দিনে ৫ থেকে ৬ ঘন্টা রোদ পেলেই বেগুন গাছ ভালোভাবে বেড়ে উঠতে পারবে।
  • বোনাস টিপসঃ বেগুনের জন্য সবচেয়ে ক্ষতিকর হলো ডগা ও ফল ছিদ্র কারি পোকা এগুলো থেকে গাছকে বাঁচাতে হবে। এর জন্য আপনি নিয়মিত বেগুনের গাছে নিম পাতার রস ছেটাবেন এতে ফসল ভালো থাকবে।

ছাদ বাগানে মাচাই চাষকরা যায় এমন লতানো সবজি

আপনার ছাদ বাগানে মাচা তৈরি করেও বেশকিছু লতানো সবজি যেমন, লাউ, মিষ্টি কুমড়া, করলা, উচ্ছে, পুঁইশাক ও বরবটির মতো চাষ করতে পারবেন।

লাউ ও মিষ্টিকুমড়া

আপনার ছাদে মাচা করার মতো পর্যাপ্ত জায়গা ও পরিবেশ থাকলে লাউ ও মিষ্টিকুমড়া চাষ করা আপনার জন্য লাভজনক হতে পারে আমি নিজে আমার ছাদ বাগানে লাউ করেছিলাম বর্তমানে লাউ একবার হারভেস্ট একই মাচাই মিষ্টি কুমড়া ও পুঁইশাক করেছি।

  • পাত্রঃ সিমেন্টের বড় টব অথবা ড্রাম কেটে হাফ ড্রাম করতে হবে।
  • রোদঃ লাউ ও মিষ্টিকুমড়া চাষ করতে দিনে ৭ থেকে ৮ ঘন্টা রোদ দরকার হয়ে থাকে।
  • বোনাস টিপসঃ লাউ ও মিষ্টিকুমড়া গাছের পরাগায়ন ছাড়া ফলন পাওয়া সম্ভব না আর যেহেতু ছাদে স্বাভাবিক পরিমাণ মৌমাছি আসেনা ও পরাগায়ন ঘটায় না তাই নিজ হাতে সকাল করে পরাগায়ন করতে হবে।

পুঁইশাক ও বরবটি

ছাদ বাগানে মাচা করে চাষ করা যায় এমন লাভজনক সবজিগুলোর মধ্যে পুঁইশাক ও বরবটি অন্যতম। আগেই বলেছি আমি নিজেই মিষ্টিকুমড়ার সাথে পুঁইশাক করেছি।
  • পাত্রঃ পুঁইশাক ও বরবটি চাষ করতে মাঝারি সাইজের ড্রাম বা বড় সিমেন্টের টব দরকার হবে।

করলা

করলার একটি গাছ থেকে অনেক বেশি সবজি পাওয়া সম্ভব যদি ঠিকমতো পরিচর্যা করতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাবেন।
  • পাত্রঃ ১০ থেকে ১২ ইঞ্চি টব অথবা হাফ ড্রামে করলা রোপণ করতে হবে।
  • রোদঃ গাছে ৬ থেকে ৭ ঘন্টা রোদ পড়লে ভালো ফলন পাবেন।

ছাদ বাগানের সাধারণ সমস্যা ও সমাধান

আপরা উপরের অংশে ছাদ বাগানে কোন কোন সবজি চাষ করা যায় তা জেনেছি এই অংশে ছাদ বাগানের সাধারণ সমস্যা কোনগুলো তা জানবো এবং সমাধান জেনে নিবো।

সমস্যা ১: গাছে প্রচুর ফুল আসে কিন্তু সবজি না হয়েই ঝরে যায়

ছাদ বাগানে সবজি চাষ করলে এই সমস্যার সম্মুখীন হওয়া খুবই স্বাভাবিক বিশেষ করে শসা, মিষ্টিকুমড়া, লাউ ও করলা গাছে এই সমস্যাটি দেখা দেয়।
  • কারণঃ বহুতল ভবনের ছাদে অনেকসময় মৌমাছি, প্রজাতি বা ফুলের পরাগায়নে সহায়তাকারী কীট পৌঁছাতে পারেনা ফলে পরাগায়ন হতে না পেরে গাছে প্রচুর ফুল আসলেও সবজি না হয়েই ঝরে যায়।
  • সমাধানঃ আপনার ছাদ বাগানের গাছে যতোই ফুল আসুক পরাগায়ন না হতে পারলে ফল ধরবেনা তাই নিজ হাতে পরাগায়ন ঘটাতে হবে। সকালে পুরুষ ফুল ছিড়ে মেয়ে ফুলের উপরে ঘষা দিতে হবে। এছাড়াও ছাদে মৌমাছি আনতে গাদা ফুলের গাছ লাগিয়ে রাখতে পারেন এতে মৌমাছিরা আকর্ষিত হয়।

সমস্যা ২: টমেটো, মরিচ বা বেগুন গাছের পাতা কোঁকড়ালো হয়ে যাওয়া

মাঝেমধ্যে আমরা দেখি ছাদ বাগানের টমেটো, মরিচ বা বেগুন গাছের পাতা কোঁকড়ালে হয়ে গেছে এবং গাছ আর বড় হচ্ছে না এই সমস্যা দেখা দিলে আমরা অনেকেই ঘাবড়ে যায় তবে এই সমস্যার সমাধান রয়েছে।
  • কারণঃ এই সমস্যাটি হয় একধরনের ভাইরাস থেকে এছাড়াও মাকড় ও সাদা মাছির আক্রমণের কারনেও ছাদ বাগানের গাছের পাতা কোঁকড়ালো হয়ে যায়।
  • সমাধানঃ আপনি যদি পাতা কোঁকড়ালো সমস্যায় পড়েন তাহলে প্রথমেই আপনি আক্রান্ত অংশগুলো ছেটে ফেলে দিন। এবার নিম পাতার রসের সাথে বাসন মাজা লিকুইড যোগ করে মিশ্রণ তৈরি করে গাছে নিয়মিত দিন। সমস্যা অনেক বেশি হলে বাজার থেকে অ্যাক্টোরা বা টিডো কিনে এনে প্রতি ১ লিটার পানিতে ১ মিলি করে মিশিয়ে গাছে স্প্রে করুন।

সমস্যা ৩: গাছের গোড়া পচা বা শিকড় পচে গাছ হঠাৎ মরে যাওয়া

অনেক সময় আমরা দেখতে পায় ভালো গাছ হঠাৎ করে শুকিয়ে মরে যাচ্ছে পরে খেয়াল করলে দেখি গাছের গোড়া পচে গাছ হঠাৎ মারা গেছে।
  • কারণঃ টবে প্রয়োজনের অতিরিক্ত পানি দিলে এবং টবের যদি ড্রেনেজ ব্যবস্থা না থাকে তাহলে গাছের গোড়ায় পানি জমে গোড়া পচে যায়।
  • সমাধানঃ টবে অবশ্যই ১ থেকে ২ ইঞ্চি গর্ত করে ড্রেনেজ ব্যবস্থা রাখতে হবে এবং গোড়া পচা রোধে নিমের খৈল বা বাজার থেকে ছত্রাক নাশক নিয়ে এসে দিয়ে রাখবেন। মনে রাখবেন গাছের গোড়া সামান্য ভেজা থাকলেও পানি দিবেন না।

সমস্যা ৪: সবজি গাছের ফল ফেটে যাওয়া বা তলা কালো হয়ে পচে যাওয়া

অনেক সময় দেখা যায় টমেটো বড় হয়ে ফেটে যাচ্ছে বা বেগুনের তলা কালো হয়ে পচে যাচ্ছে।
  • কারণঃ গাছের গোড়ায় ক্যালসিয়াম কমে যাওয়া এবং সঠিক সময়ে পানি সেচ না দেয়ার কারণে ফল ফেটে যাওয়া ও তলা কালো হয়ে পচে যাওয়া সমস্যা হয়ে থাকে।
  • সমাধানঃ গাছে সঠিক সময়ে নিয়মিত সেচ নিশ্চিত করতে হবে এবং ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে গাছের গোড়ায় ডিমের খোসার গুড়ো বা গুড়ো চুন মেশাতে হবে।

ছাদ বাগানের জন্য আদর্শ উর্বর মাটি তৈরির সিক্রেট ফর্মুলা

ছাদ বাগানে কোন কোন সবজি চাষ করা যায় তা উপরের আলোচনা থেকে আমরা জেনে নিয়েছি। এখন ছাদ বাগানের জন্য আদর্শ উর্বর মাটি তৈরির সিক্রেট ফর্মুলা শেয়ার করবো।
আপনি আপনার ছাদ বাগানে যতো ভালো জাতের সবজি বীজ রোপণ করেন না কেনো যদি মাটি ভালো না হয় আর আলো বাতাস সঠিকভাবে চলাচল করতে না পারে তাহলে গাছ সঠিকভাবে বাড়বেও না আবার ফলন আশানুরূপ পাবেন না।

মাটির আদর্শ উপাদান ও সঠিক অনুপাত

একটি ছাদ বাগানের মাটি তৈরি করতে মূলত তিনটি উপাদান একসাথে মেশাতে হয়। নিচে সেগুলো দেয়া হলোঃ

দোআঁশ বা বেলে দোআঁশ মাটি

ছাদ বাগানের জন্য আদর্শ মাটি তৈরি করতে প্রধান যে উপাদান প্রয়োজন হয় সেটি হলো দোআঁশ বা বেলে দোআঁশ মাটি এটি ৪০% পরিমাণে মোট মাটির সাথে মেশাতে হবে।

জৈব সার বা কম্পোস্ট

মাটি উর্বর করতে অবশ্যই ছাদ বাগানে মাটির মিশ্রণের সাথে ১ বছর পুরনো গোবর সার বা পাতা পচা সার অথবা কেচো সার ৪০% পরিমাণে ব্যবহার করতে হবে।

কোকোপিট বা কাঠের মিহি গুঁড়ো

ছাদ বাগানের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ও উপযোগী উপাদান হলো কোকোপিট বা কাঠের মিহি গুঁড়ো। নারিকেলের ছোবড়া দিয়ে তৈরি কোকোপিট মাটির মিশ্রণে ২০% পরিমাণে মেশাতে হবে এতে করে মাটির আর্দ্রতা বজায় থাকবে গাছের গোড়া শুকিয়ে যাবেনা।

অতিরিক্ত পুষ্টি উপাদান যুক্ত করার নিয়ম

গাছকে আরো শক্তিশালী ও মজবুত করতে নিচের উপাদান গুলো ১ বস্তা পরিমাণ মাটির সাথে মেশাতে হবে যার ফলে মাটির গুনাগুন অনেক বেড়ে যাবে।
  • ১ কাপ হাড়ের গুড়োঃ ১ বস্তা মাটির মিশ্রণের সাথে ১ কাপ হাড়ের গুড়ো ভালোভাবে মেশালে গাছের ফসফরাসের অভাব মেটাতে সহায়তা করে এবং গাছের শিকড় শক্ত ও অধিক পরিমাণে ফল-ফুল গাছে আসে।
  • ১ কাপ শিং কুচিঃ গাছে নাইট্রোজেনের যোগান দিতে শিং কুচির বিকল্প নাই তাই ১ বস্তা পরিমাণ মাটির মিশ্রণের সাথে ১ কাপ শিং কুচি মেশাতে হবে।
  • ২ চামচ নিম খৈলঃ মাটিতপ নিম খৈল মেশালে গাছকে ফাঙ্গাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়া আক্রমণ থেকে রক্ষা করে এছাড়া মাটিতে পোকামাকড়, ক্ষতিকর কৃমি ও পিপড়া থাকলে সেগুলো ধ্বংস হয়ে যায়।
  • ১ চামচ ট্রাইকোডার্মা পাউডারঃ এই পাউডার মাটির মিশ্রণের সাথে মেশালে গাছের গোড়া পচা রোগ প্রতিরোধ করে কারণ এটি খুবই উপকারী ছত্রাক নাশক।

ছাদ বাগানের মাটি শোধন ও প্রস্তুত করার সঠিক ধাপসমূহ

উপরের উপাদানগুলো মিশিয়ে সাথে সাথে গাছ রোপণ না করে নিচের ধাপগুলো অনুসরণ করুন তাহলে রেজাল্ট অনেক ভালো পাবেন।
 
ধাপ-১ঃ সকল উপাদানসহ মাটি ভালো করে গুঁড়ো করে নিয়ে চালনি দিয়ে ভালো করে ছেঁকে নিন এতে করে মাটি থেকে প্লাস্টিকের কনা ও ইটের কুঁচি আলাদা হয়ে যায় এর পরে কোকোপিট, জৈব সার ও মাটি একসাথে ভালো করে মিশিয়ে নিন।
 
ধাপ-২ঃ এবার তৈরি করা মাটিতে হালকা পানি মিশিয়ে নিন খেয়াল রাখবেন কাদা কাদা যেনো না হয়ে যায়। পানি দেয়ার পরে ৭ থেকে ১০ দিন পলিথিন দিয়ে ছায়া যুক্ত জায়গায় ঢেকে রাখতে হবে এই নিয়মকে মাটির কম্পোস্টিং বলা হয়।
 
ধাপ-৩ঃ ১০ দিন পরে পলিথিন সরিয়ে ভালোভাবে মিশ্রণটি আবার মিশিয়ে নিন এর পরে বাতাসে শুকিয়ে নিলেই আপনার ছাদ বাগানে চাষ করার উপযুক্ত মাটি তৈরি হয়ে যাবে।

ছাদ বাগান সম্পর্কিত সাধারণ জিজ্ঞেসিত প্রশ্ন ও উত্তর (FAQ)

প্রশ্ন ১ঃ ছাদ বাগানের জন্য সবচেয়ে ভালো মাটির মিশ্রণ কোনটি?

উত্তরঃ ছাদ বাগানের জন্য সবচেয়ে ভালো মাটির মিশ্রণ হলো ৪০% দোআঁশ বা বেলে দোআঁশ মাটি, ৪০% জৈব সার এবং ২০% কোকোপিট।

প্রশ্ন ২ঃ টবে সবজি গাছে কতোদিন পর পর সার দিতে হয়?

উত্তরঃ সাধারণত টবে প্রতি ১৫ থেকে ২৫ দিন পর পর সার দিতে হয়। ১৫ দিন পর পর জৈব সার দিবেন এবং ২৫ দিন পর পর তরল সার যেমন সরিষার খৈল পচা পানি দিবেন।

প্রশ্ন ৩ঃ ছাদ বাগানে সবজি গাছে দিনে কয়বার পানি দেওয়া উচিত?

উত্তরঃ ছাদ বাগানের সবজির গাছে নিয়মিত সকাল ও বিকালে পানি দিতে হবে তবে শীত ও বর্ষাকালে দিনে একবার অথবা গাছের গোড়ার পানি শুকালে পানি দেওয়া উচিত।

শেষকথা

যারা ছাদ বাগান করতে চান তারা পোস্ট পড়ে ছাদ বাগানে কোন কোন সবজি চাষ করা যায় তা জানতে। এক সময় মানুষ ছাদ বাগান করতে শখের বসে কিন্তু এখন বাণিজ্যিক ভাবে ছাদ বাগানে সবজি চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন।
তাই আপনার যদি চাষযোগ্য জমি না থাকে এবং বাসার ছাদ ব্যবহার হয়না এমন হলে আপনিও ছাদ বাগানে সবজি চাষ করে লাভবান হতে পারেন।
বিশেষ টিপসঃ আপনি ছাদে সবজি চাষ করার আগে অবশ্যই নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন অথবা কৃষি অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য জেনে নিবেন।
লেখক পরিচিতি,
নাম: মোঃ আব্দুর রাকিব
আমি একজন প্রফেশনাল কনটেন্ট রাইটার। আমি সবসময় অফিসিয়াল তথ্য ভেরিফাই করে কনটেন্ট তৈরি করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top